বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে তানজিম ওয়াহাবকে আরও এক বছরের জন্য পুনর্নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০২২ অনুযায়ী তানজিম ওয়াহাবকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য পুনরায় মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
তানজিম ওয়াহাব এর আগে জার্মানির বার্লিনে স্পোর ফাউন্ডেশনে কিউরেটর হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি বেঙ্গল ফাউন্ডেশনের হেড অব আর্টস প্রোগ্রাম এবং ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ল্ড প্রেস ফটোর জুরি বোর্ডের এশিয়া চেয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
পুনর্নিয়োগের পর তানজিম ওয়াহাব বলেন, আগামী দিনে বাংলাদেশ জাতীয় জাদুঘরকে শিশু ও তরুণদের জন্য আরও উপযোগী করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি জানান, জাদুঘরের আধুনিকায়ন, নতুন কিউরেশন, ডিজিটাল উপস্থাপনা, ইতিহাস পাঠে মিউজিয়াম এক্সপ্লেইনারের ব্যবহার এবং সংরক্ষণ কার্যক্রমে বিশেষায়িত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য সুবিধা সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম জোরদার এবং স্কুলের শিক্ষা কার্যক্রমে জাদুঘর পরিদর্শন অন্তর্ভুক্ত করতে কাজ করা হবে।
এ ছাড়া ভ্রাম্যমাণ বিভিন্ন আয়োজনের মাধ্যমে দেশের নানা প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠানে জাদুঘরের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, তানজিম ওয়াহাব নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রতিষ্ঠালগ্ন থেকেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে এসেছেন। গত ৫ আগস্ট ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।


