বরিশাল নগরীর রসুলপুর বরফকল এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ মো. রুহুল হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) রাত দেড়টার দিকে রসুলপুর বরফকলের সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পান অভিযানে থাকা কর্মকর্তারা।
পরে ওই চেম্বার খুলে স্কচটেপে মোড়ানো ৩০টি পলিথিনের প্যাকেট থেকে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাঁজাসহ পিকআপটি জব্দ করা হয়েছে।
অভিযানে মো. রুহুল হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, অভিযানের সময় আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


