...|...|...

খেলা

পিএসজির বিপক্ষে মাঠে নামবে বার্সা, দল ঘোষণায় চমক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৫
Shares
পিএসজির বিপক্ষে মাঠে নামবে বার্সা, দল ঘোষণায় চমক

অ্যালেক্স ক্যাম্পোস। ছবি: সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনার মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্স ক্যাম্পোস। রক্ষণভাগের একাধিক খেলোয়াড় চোটে থাকায় তরুণ এই ফুটবলারের ওপর আস্থা রেখেছেন কোচ হান্সি ফ্লিক। বার্সেলোনার রিজার্ভ দল থেকে উঠে আসা ক্যাম্পোসের সামনে এবার বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে বার্সেলোনা ও পিএসজি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে রক্ষণভাগে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, জুলস কুন্দে ও এরিক গার্সিয়ার অনুপস্থিতি ভাবিয়ে তুলেছে কাতালান ক্লাবটিকে।

এই পরিস্থিতিতে বার্সেলোনা অ্যাথলেটিকের সেন্ট্রাল ডিফেন্ডার ক্যাম্পোসকে প্রথমবারের মতো মূল দলে ডেকেছেন ফ্লিক। পাশাপাশি স্কোয়াডে ফিরেছেন মিসরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমও।

২০০৮ সালে সেগ্রিয়া অঞ্চলের আইটোনা শহরে জন্ম ক্যাম্পোসের। অ্যাটলেটিক সেগ্রেতে ফুটবল ক্যারিয়ার শুরু করা এই ডিফেন্ডার ২০২১ সালের গ্রীষ্মে যোগ দেন বার্সেলোনার একাডেমিতে। তবে ২০২৬-২৭ মৌসুমে তার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হয়। সেন্ট অ্যান্ড্রিউ স্টেডিয়ামে বার্সেলোনা অ্যাথলেটিকের হয়ে প্রথম অফিশিয়াল ম্যাচ খেলার পর দ্রুতই একাদশে নিজের জায়গা পাকা করেন তিনি।

কোচ জুলিয়ানো হাউস বেলেত্তির অধীনে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ক্যাম্পোস। দলের নেতৃত্বেও ভূমিকা রাখছেন তিনি। গত শনিবার উতেবোর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচেও শুরুর একাদশে ছিলেন এই তরুণ। বার্সেলোনা অ্যাথলেটিকের টানা পঞ্চম জয়েও অবদান রাখেন তিনি।

১৮৫ সেন্টিমিটার উচ্চতার ক্যাম্পোস আকাশে বল দখলের লড়াইয়ে দক্ষ। পাশাপাশি নিখুঁত পাস ও শান্তভাবে বল নিয়ন্ত্রণের মাধ্যমে নিচ থেকে আক্রমণ গড়ে তোলার সামর্থ্যও রয়েছে তার। চলতি মৌসুমে হেড থেকে একটি গোল করেছেন এই ডিফেন্ডার।

২০২৪ সালের অক্টোবরে প্রথমবার ক্যাম্পোসকে মূল দলের অনুশীলনে ডেকেছিলেন ফ্লিক। পরে ২০২৫ সালের জুলাইয়ে তার সাথে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা দেয় বার্সেলোনা। চুক্তিতে মেয়াদ আরও এক মৌসুম বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

রক্ষণভাগের চোটজনিত সমস্যার মধ্যে পিএসজির বিপক্ষে ম্যাচটি ক্যাম্পোসের জন্য বড় পরীক্ষা হতে পারে। মূল দলে সুযোগ পাওয়ার পর এবার ইউরোপীয় ফুটবলের গুরুত্বপূর্ণ মঞ্চে খেলার সুযোগ কাজে লাগাতে চাইবেন বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডার।