পাবনা শহরে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে একটি মার্কেটের তৃতীয় তলা থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে পৌঁছালে সেটি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ আহত হননি।
মিছিলে নেতৃত্ব দেওয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন অভিযোগ করেন, মার্কেটের ওপর থেকে মিছিলে ককটেল ছোড়া হয়েছে। হামলাকারীরা ওই ভবনের ভেতরে অবস্থান করছে বুঝতে পেরে তারা সেখানে অবস্থান নেন এবং প্রশাসনকে খবর দেন। পরে পুলিশ চারজনকে আটক করে।
তিনি ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। একই সাথে রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা মার্কেটের প্রবেশপথ আটকে দিয়ে পুলিশকে খবর দেন। পরে মার্কেটের তৃতীয় তলা থেকে সন্দেহভাজন মধ্যবয়সী এক নারী ও তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।


