...|...|...

সারাদেশ

পানিতে ডুবে যাচ্ছিল শিশু, উদ্ধার করে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৮ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩০
Shares
পানিতে ডুবে যাচ্ছিল শিশু, উদ্ধার করে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হুইপ দুলু। ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পথ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ঘিরে স্বজনদের আহাজারি দেখে গাড়ি থামান জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে শিশুটিকে উদ্ধার করে পুলিশের গাড়িতে দ্রুত হাসপাতালে নিয়ে যান তিনি। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের জটলা ও কান্নার শব্দ শুনতে পান হুইপ দুলু। পরিস্থিতি বুঝতে গাড়ি থামিয়ে কাছে গিয়ে দেখতে পান, পানিতে ডুবে যাওয়া শিশুটিকে ঘিরে স্বজনেরা কান্নাকাটি করছেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন তিনি।

এ সময় সাথে থাকা পুলিশের গাড়িতে শিশুটিকে তুলে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা জানান, হুইপ দুলু গ্রামের বাড়ি থেকে ফেরার সময় তাদের বাড়ির সামনে গাড়ি থামান। পরে পানিতে পড়ে যাওয়া তাঁর ভাতিজাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন তিনি।

ঘটনার বিষয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফেরার পথে মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে তিনি গাড়ি থামান। শিশুটিকে জীবিত মনে হওয়ায় দেরি না করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠান। দ্রুত যাওয়ায় ১০ মিনিটেরও কম সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করেও শিশুটিকে বাঁচানো যায়নি। এ ঘটনায় শোক জানিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার পরপরই শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।