পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মাঝেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই বদলির আদেশ জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন এনসিটিবির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে (পদার্থবিজ্ঞান) পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মোহাম্মদ হুমায়ন কবীরকে (বিশেষজ্ঞ-গণিত) শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং মো. আহসানুল আরেফিন চৌধুরীকে (বিশেষজ্ঞ-শিক্ষা) যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ড. মো. আবু হানিফকে (ইসলামিক আদর্শ) রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, রেজাউল করিমকে (ইতিহাস) পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মো. মনির হোসেন মজুমদারকে (প্রাণিবিদ্যা ও গবেষণা কর্মকর্তা) শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে বদলি করা হয়েছে।
তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন—মাহমুদ বিন আমিনকে (সহকারী অধ্যাপক, সমাজকল্যাণ/সমাজকর্ম) ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, আফসানা আইয়ুবকে (সহকারী অধ্যাপক, ইংরেজি ও বিশেষজ্ঞ) শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ এবং এস এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন থেকেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

