...|...|...

রংপুর

পাটগ্রাম সীমান্তে ফাঁকা গুলি করে ৪ নৌকা নিয়ে গেল বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৩
Shares
পাটগ্রাম সীমান্তে ফাঁকা গুলি করে ৪ নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু ও পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে চারটি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। স্থানটি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরমতল মাইয়ামরা ঘাট এলাকায়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/৪-এস এবং ৮৪২/৫-এস-এর মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল নামক স্থানে কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য গেলে ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা ফায়ার করে। পরে বাংলাদেশি নাগরিকদের চারটি নৌকা ভারতীয় বিএসএফ সদস্যরা নদী পার হয়ে ক্যাম্পে নিয়ে যায়।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, ধরলা নদীর শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৌকা নিয়ে হাতে বালু উত্তোলনের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তারা ৫ রাউন্ড গুলি ছুড়ে চারটি নৌকা নিয়ে যায়।

বিজিবি জানায়, ইতিপূর্বে একাধিকবার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, উল্লেখিত পরিস্থিতির বিষয়ে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে ইউএনও ও সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো হয়েছে। এ ব্যাপারে ওই এলাকায় বিজিবির টহল দলের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।