পাকিস্তানে পেট্রোলের দাম লিটারে ১ রুপি কমানো হয়েছে। তবে একই সময়ে ডিজেলের দাম বেড়েছে ২ রুপি। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা ওজিআরএ নতুন দামের ঘোষণা দেয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩২২ রুপিতে। অন্যদিকে, ডিজেলের (এইচএসডি) দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ রুপিতে। ওজিআরএ জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ওজিআরএ। এর অংশ হিসেবে সংস্থাটির ওয়েবসাইটে প্রতিদিন পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তন দ্রুত স্থানীয় বাজারে প্রতিফলিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পাকিস্তান সরকার জ্বালানি তেলের দাম প্রতিদিন পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর দেশটিতে সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানির দাম সমন্বয়ের ব্যবস্থা চালু করা হয়েছিল। তার আগে প্রতি ১৫ দিন অন্তর দাম পুনর্নির্ধারণ করা হতো।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশ্বে মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে।
যেভাবে নির্ধারণ হচ্ছে পেট্রোলের দাম
যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় গত ৩০ অক্টোবর পেট্রোলের মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
নতুন নিয়মে পাকিস্তান স্টেট অয়েলের (পিএসও) সংশ্লিষ্ট চালানের প্রকৃত আমদানি ব্যয়ের ভিত্তিতে পেট্রোলের আমদানি মূল্য নির্ধারণ করা হবে। তবে দৈনিক মূল্য সমন্বয়ের সময় সর্বশেষ চালানের আমদানি ব্যয়ের তথ্য পাওয়া না গেলে আগের চালানের প্রিমিয়াম, আনুষঙ্গিক ব্যয় ও শুল্কের হিসাব বিবেচনায় নেওয়া হবে।
দেশটির স্থানীয় শোধনাগারগুলোর ক্ষেত্রেও মূল্য নির্ধারণে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শোধনাগার থেকে সরবরাহ পর্যায়ে পেট্রোলের দাম হিসাবের জন্য প্রিমিয়াম, আনুষঙ্গিক খরচ ও শুল্ক সাময়িকভাবে যুদ্ধ শুরুর আগের পর্যায়ের হারে নির্ধারণ করা হয়েছে।
আমদানি মূল্য ও শোধনাগার পর্যায়ের নির্ধারিত মূল্যের মধ্যে যে পার্থক্য তৈরি হবে, তা পেট্রোলিয়াম লেভির হিসাবের আওতায় শোধনাগারগুলোকে জমা দিতে হবে। এই প্রক্রিয়ায় পাওয়া আর্থিক সুবিধা পেট্রোলের দাম আনুপাতিক হারে কমানোর মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া পেট্রোলের দামের আকস্মিক ওঠানামা নিয়ন্ত্রণে স্বল্পমেয়াদি সমন্বয় ব্যবস্থাও চালু করেছে সরকার। এই পদ্ধতিতে প্রিমিয়ামের পার্থক্য থেকে পাওয়া সুবিধার একটি নির্দিষ্ট অংশ প্রতিদিন ব্যারেলপ্রতি ২ দশমিক ৯৫০ ডলার হারে পেট্রোলের দামের সঙ্গে সমন্বয় করা হবে।


