পাকিস্তানকে সহায়তা করতে তুরস্কের কোনো নৌবহর এগিয়ে এলে ভারতীয় নৌবাহিনী তা মোকাবিলা করতে সক্ষম বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত ভারতীয় মেজর জেনারেল গগনদীপ বক্সী।
নয়াদিল্লিভিত্তিক সংবাদমাধ্যম ‘রিপাবলিক ওয়ার্ল্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য কৌশলগত উদ্বেগের বিষয়।
বক্সী দাবি করেন, মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে সমঝোতা হয়েছে, তা মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক সমীকরণ তৈরি করেছে। তিনি এটিকে ‘সুন্নি ন্যাটো’ হিসেবে উল্লেখ করেন।
তুরস্ক ও পাকিস্তানের সামরিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “চুক্তি হোক বা না হোক, তুরস্ক ও পাকিস্তান এরই মধ্যে একটি অঘোষিত জোটে রয়েছে।”
তিনি আরও দাবি করেন, ‘অপারেশন সিন্ধুর’ সময় তুরস্ক পাকিস্তানকে সহায়তা করেছে এবং দেশটিকে ড্রোন সরবরাহসহ বিভিন্ন সামরিক সহযোগিতা দিয়েছে।
তুরস্কের সম্ভাব্য সামরিক সহায়তা প্রসঙ্গে ভারতীয় এই সাবেক সেনা কর্মকর্তা বলেন, পাকিস্তানকে সহযোগিতা করতে কোনো তুর্কি নৌবহর এগিয়ে এলে তা মোকাবিলায় ভারতীয় নৌবাহিনী সক্ষম।
তার ভাষায়, “পাকিস্তানকে সাহায্য করতে আসা যেকোনো তুর্কি নৌবহরকে ভারতীয় নৌবাহিনী ছিন্নভিন্ন করে দিতে পারে।”
সাক্ষাৎকারে বক্সী ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ হলেও, নয়াদিল্লি নিজের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ বিসর্জন দেবে না।
তার মতে, ইরান ভারতের জন্য মধ্য এশিয়া ও আফগানিস্তানে যাওয়ার গুরুত্বপূর্ণ স্থলপথ এবং আঞ্চলিক নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেন, ইরান-ইসরায়েল বিরোধের কারণে ভারত তার নিজস্ব স্বার্থ উপেক্ষা করতে পারে না।
তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট


