...|...|...

বিনোদন

পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর মর্যাদায় নতুন দায়িত্বে মিঠুন চক্রবর্তী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ১২:৩৪
Shares
পশ্চিমবঙ্গ সরকারে মন্ত্রীর মর্যাদায় নতুন দায়িত্বে মিঠুন চক্রবর্তী

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাকে মন্ত্রীর সমমর্যাদার পদ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মিঠুনকে এই পদে নিয়োগের কথা জানায় পশ্চিমবঙ্গ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্যসংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তী দায়িত্ব পালন করবেন এবং পদটি মন্ত্রীর মর্যাদাসম্পন্ন। বিজ্ঞপ্তিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষর রয়েছে। নিয়োগ কার্যকর হয়েছে বিজ্ঞপ্তি জারির দিন থেকেই।

এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিঠুন। রাজ্যের বিভিন্ন এলাকায় সভা, রোড শো ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন তিনি। তার উপস্থিতিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ দেখা যায়।

নির্বাচনে বিজেপির সাফল্যের পর মিঠুনের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মিঠুনকে দলের সাফল্যের পেছনে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হিসেবে উল্লেখ করেন। দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচার, সভা ও সাংগঠনিক কর্মকাণ্ডে মিঠুনের সক্রিয়তার কথাও তুলে ধরেন তিনি।

এর আগে মিঠুনও শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেছিলেন, রাজ্যকে এগিয়ে নিতে শুভেন্দু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ভবিষ্যতেও বিভিন্ন রাজনৈতিক লড়াইয়ে তিনি পাশে থাকবেন বলেও জানিয়েছিলেন মিঠুন।

রাজনীতিতে মিঠুনের সম্পৃক্ততা অবশ্য নতুন নয়। ষাট ও সত্তরের দশকে তিনি নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তবে সক্রিয় দলীয় রাজনীতিতে তার আনুষ্ঠানিক প্রবেশ ঘটে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিনি রাজ্যসভার সদস্য হন।

২০১৬ সালের ২৬ ডিসেম্বর তৃণমূলের রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিঠুন। পরে ২০২১ সালের ৭ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি। ওই বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারেও বিজেপির হয়ে সক্রিয়ভাবে অংশ নেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে তার ব্যাপক প্রচারের পর এবার পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী।