...|...|...

রাজনীতি

পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট পাবেন, প্রশ্ন রিজভীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫১
Shares
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট পাবেন, প্রশ্ন রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার সুযোগ পাবেন, তা স্পষ্ট করা প্রয়োজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে চলে গেছেন। অথচ এখন তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি আলোচনায় আসছে। একজন পলাতক ব্যক্তি কীভাবে এসব সুবিধা পাবেন, তার জবাব দিতে হবে।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি লন্ডনে দেওয়া তার বক্তব্যও প্রচার করা যাবে না বলে জানানো হয়েছিল। তখন তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচনা করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি।

তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমান পলাতক ছিলেন না। শারীরিক নির্যাতনের শিকার হয়ে প্রায় পঙ্গুত্বের পর্যায়ে পৌঁছেছিলেন তিনি। চিকিৎসার প্রয়োজনে দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে রিজভী বলেন, আবু সাঈদ, আহনাফ ও মুগ্ধসহ প্রায় এক হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার দেশের আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সত্য জনগণের সামনে তুলে ধরা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অতীতের ডামি নির্বাচন কিংবা মধ্যরাতের নির্বাচনের মতো পরিস্থিতি এবার ছিল না। সব পক্ষের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে উল্লেখ করে রিজভী বলেন, আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার এ নীতিতে কাজ করবে।

বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতার মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে। তাদের মধ্য থেকেই ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটনের মতো বিজ্ঞানী উঠে আসতে পারেন। এসব তরুণ একদিন বিজ্ঞানী হয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।