...|...|...

জাতীয়

রাজশাহীতে প্রধানমন্ত্রী

পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১১:৩৬
Shares
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে দুই পক্ষের যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান অভিযোগ করেন, পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরির জন্য অর্থ দিচ্ছে। পাশাপাশি নির্বাচনের আগে জনগণের কাছে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করা কয়েকটি দলও এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।

তিনি বলেন, একটি পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এভাবে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নিরাপত্তা জোরদার, বন্ধ কলকারখানা চালু এবং কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সরকারের উদ্যোগ রয়েছে।

তবে কয়েকটি দল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে এসব উদ্যোগ ব্যাহত করতে চাইছে বলে অভিযোগ করেন তারেক রহমান।

এর আগে জনসভায় মঞ্চে উঠে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে মোট ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান।

জনসভায় আরও বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের অন্যান্য নেতারা।