পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনটির মিছিলে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মহাসড়কে মশাল মিছিল বের করেন। মিছিলের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হন। পরে তারা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধাওয়া করেন এবং চারজনকে আটক করেন। পরে তাদের মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিছিলের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর শত শত বিএনপির নেতাকর্মী মহিপুর সদরে এবং সেতুসংলগ্ন এলাকায় অবস্থান নেন। নাশকতা প্রতিরোধ ও আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানোর কথা জানিয়ে তারা সেখানে জড়ো হন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, একটি মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের আটকের জন্য অভিযান চলছে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।


