পটুয়াখালী পৌরসভার সামনে দুই সাংবাদিকের ওপর ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য রাজীব দেবনাথ এবং দৈনিক আজকের খবরের সাংবাদিক ইয়াহিয়া শাকুর। তারা দুজনই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজীব দেবনাথের অভিযোগ, স্থানীয় হাসান মোল্লা ওরফে ঘাউরা হাসান এবং তার সহযোগীরা রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে রাজীবের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ইয়াহিয়া শাকুরের ডান হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে।
রাজীব দেবনাথ জানান, হামলার আশঙ্কায় তিনি আগেই মুঠোফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন। তবে তার অভিযোগ, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়নি। হামলাকারীরা তাদের আহত অবস্থায় সড়কে ফেলে চলে যাওয়ার পর সহকর্মী ও স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
রাজীবের দাবি, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এর আগেও অভিযুক্ত হাসান মোল্লা তার ওপর হামলা চালিয়েছিলেন। ওই ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। আগের ঘটনার পর আবারও হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি।
হামলার আগে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকেও বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেন রাজীব। তার ভাষ্য, এ সময় মুঠোফোনে ওসি তাকে বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করলেই কাউকে গ্রেফতার করা যায় না।
এ বিষয়ে ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনা জানার পরপরই পুলিশ হাসপাতালে গিয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আহত দুই সাংবাদিকের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এতে চিকিৎসাধীন অবস্থায়ও তারা পুনরায় হামলার আশঙ্কা করছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার, আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই সাথে এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

