প্রায় তিন দশক পর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রথমবারের মতো কোনো আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় নতুন করে সরব হয়েছেন প্রয়াত এই নায়কের ভক্তরা।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা।
দুপুর আড়াইটার দিকে আয়োজিত কর্মসূচিতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান শাহের ভক্তরা অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা দীর্ঘদিনের অমীমাংসিত এই মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য প্রকাশের দাবি জানান।
সম্প্রতি গ্রেফতার হওয়া অভিনেতা ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার আহ্বানও জানানো হয় মানববন্ধন থেকে। একই সাথে মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ অন্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভক্তরা।
মানববন্ধনে অংশ নেওয়া অনেকের হাতে ছিল সালমান শাহের ছবি ও ন্যায়বিচারের দাবিসংবলিত প্ল্যাকার্ড। তাদের প্রশ্ন, তিন দশক পেরিয়ে গেলেও কেন এই মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি? কেন মামলার সাথে সংশ্লিষ্টদের সবাই এখনো বিচারের মুখোমুখি হননি?
ভক্তদের ভাষ্যমতে, সালমান শাহ শুধু একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন না; অল্প সময়ের ক্যারিয়ারেই তিনি বাংলা চলচ্চিত্রে এমন এক জনপ্রিয়তা তৈরি করেছিলেন, যার আবেদন এখনো অটুট। তাই তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা।
তাদের প্রত্যাশা, এবার তদন্ত কার্যক্রম নতুন গতি পাবে এবং সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে।
একই সাথে প্রকৃত ঘটনা উদঘাটনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং সালমান শাহের পরিবার ও ভক্তরা ন্যায়বিচার পাবেন।


