...|...|...

প্রবাস

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩০
Shares
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে দেশটির দুর্যোগপূর্ণ এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। একই সাথে আবহাওয়া ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দূতাবাসের এই সতর্কবার্তার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের পিসাং, চামে ও মানাং অঞ্চলসহ আশপাশের এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা জরুরি। অতিরিক্ত বৃষ্টি, তুষারপাত ও ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক স্থানে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মানাংয়ের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাংলা ও ভীমথাংসহ প্রধান প্রধান রুটে ট্রেকিং সাময়িকভাবে স্থগিত করেছে নেপাল কর্তৃপক্ষ।

পোখারা, মুস্তাং ও জমসমসহ পার্বত্য অঞ্চলে যাওয়ার আগে সেখানকার সড়ক পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অন্নপূর্ণা ও মানাসলুর মতো ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং স্থানীয় ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সতর্কতা কেবল দুর্যোগকবলিত নির্দিষ্ট অঞ্চলগুলোর জন্য প্রযোজ্য; রাজধানী কাঠমান্ডু ও এর চারপাশের এলাকাগুলো আপাতত এই নির্দেশনার আওতামুক্ত।