নেত্রকোনার দুর্গাপুরে ১১ বোতল ভারতীয় মদসহ সাব্বির আলম হৃদয় (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রিজ সংলগ্ন বাসস্টপেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাব্বির আলম হৃদয় দুর্গাপুর উপজেলার লেঙ্গুরা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বরের দুর্গাপুর থানার সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এসআই (নি.) মো. স্বপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে থানা এলাকায় ডিউটি তদারকি করছিল। রাত ১২টা ১০ মিনিটের দিকে কৃষ্ণেরচর বাজারে অবস্থানকালে গোপন সূত্রে খবর আসে, এক ব্যক্তি ব্যাগে করে ভারতীয় তৈরি মদ নিয়ে ঝানজাইল বাসস্টপেজের দিকে যাচ্ছেন।
খবর পেয়ে পুলিশের দলটি ঝানজাইল ব্রিজ সংলগ্ন বাসস্টপেজ এলাকায় অবস্থান নেয়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বড় একটি হাতব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, উপস্থিত সাক্ষীদের সামনে ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় তৈরি ‘আইস ভদকা’ মদ পাওয়া যায়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে উদ্ধার করা মদের মোট মূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
পরে জব্দ তালিকার মাধ্যমে মদগুলো জব্দ করা হয় এবং আটক সাব্বিরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


