নেত্রকোনায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি পিকআপভ্যান থেকে ২ হাজার ১০০ প্যাকেট ভারতীয় তৈরি ফুচকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা চারজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা ফুচকার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত প্রায় ১২ লাখ টাকা মূল্যের পিকআপভ্যানটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে নেত্রকোনা সদর মডেল থানার বাহিরচাপড়া এলাকায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে একটি নীল রঙের টাটা এসি পিকআপভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা ৪২টি প্লাস্টিকের বস্তার ভেতর ভারতীয় তৈরি ফুচকার ২ হাজার ১০০ প্যাকেট পাওয়া যায়। ফুচকা পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে গাড়িতে থাকা ব্যক্তিরা তা দেখাতে পারেননি। পরে ফুচকাগুলোসহ পিকআপভ্যানটি জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মোহনগঞ্জ উপজেলার নোহাস পশ্চিমপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে সুমন মিয়া (২৬), নেত্রকোনা সদর উপজেলার পারলা (চল্লিশাপাড়া) এলাকার বাবুল মিয়ার ছেলে সামাদ আহম্মেদ তপু (২৯), দড়িজাগি এলাকার মোখলেস মিয়ার ছেলে ইয়াসিন (২৩) এবং পূর্বধলা উপজেলার ভবের বাজারের ইসবপুর মধ্যপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আলম মিয়া (২৪)।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোস্টে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় তৈরি ফুচকা বহনের সময় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় মামলা হয়েছে।


