...|...|...

বিশ্ব

নেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনা যে কারণে আটকে দেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ৯:৪৩
Shares
নেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনা যে কারণে আটকে দেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তির কারণে পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত ১০ অক্টোবরের দিকে ইরানে হামলার জন্য প্রস্তুত ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা, শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোও ছিল।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে চাননি ট্রাম্প। আগামী ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন। ওই নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার চ্যালেঞ্জের মুখে রয়েছেন নেতানিয়াহু।

ফিন্যান্সিয়াল টাইমসের সূত্রগুলোর দাবি, ট্রাম্প যদি ইসরায়েলকে হামলার অনুমতি দিতেন, তাহলে প্রস্তাবিত অভিযানটি চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার চেয়েও ব্যাপক হতে পারত। তবে সম্ভাব্য অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিত, নাকি ইসরায়েল এককভাবে হামলা চালাত, তা স্পষ্ট নয়।

হামলার নতুন লক্ষ্যবস্তুর তালিকা

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল নতুন করে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করেছে। এতে আগে হামলার শিকার হয়নি- এমন কিছু বেসামরিক অবকাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রগুলোর একজনের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে আবার হামলা শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে ইসরায়েলের সামরিক প্রস্তুতি নতুন হামলার চূড়ান্ত সিদ্ধান্তের প্রমাণ নয়। এ প্রস্তুতি ইরানের সঙ্গে আলোচনায় চাপ তৈরির কৌশল হিসেবেও ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে পেন্টাগন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

এর আগে গত ১৩ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসও ইরানে নতুন অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনার খবর প্রকাশ করেছিল। তবে হোয়াইট হাউস ওই আলোচনার বিষয়ে প্রকাশিত কিছু দাবিকে অস্বীকার করেছিল। নেতানিয়াহুর কার্যালয়ও নির্বাচনের আগে যুদ্ধ শুরুর উদ্যোগ নেওয়ার অভিযোগ নাকচ করেছিল।

ইরানের হুঁশিয়ারি

নতুন হামলার পরিকল্পনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইসরায়েলের নির্বাচনের ফল যা-ই হোক, দেশটির প্রতি ইরানের বিরূপ মনোভাবের পরিবর্তন হবে না। ইসরায়েল কোনো সামরিক ভুল পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান কূটনৈতিক সমাধানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও আত্মরক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

নতুন করে হামলা শুরু হলে তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরানে অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে- এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও অ্যাক্সিওস।