ডান পায়ের ঊরুর চোট কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেছেন নেইমার। তার দুই পেনাল্টি গোলে দুই গোলে পিছিয়ে পড়া সান্তোস ঘুরে দাঁড়িয়ে ফ্ল্যামেঙ্গোর সাথে ২-২ ব্যবধানে ড্র করেছে। এতে ব্রাজিলিয়ান সিরি আ-তে দুই দলেরই টানা জয়ের ধারা থেমেছে। সান্তোস এর আগে টানা সাত ম্যাচ এবং ফ্ল্যামেঙ্গো টানা পাঁচ ম্যাচ জিতেছিল।
(২ সেপ্টেম্বর) চোটে পড়ার পর প্রথমবারের মতো মাঠে নেমে আজ সকালে সান্তোসের হয়ে খেলেন নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচটি অনুষ্ঠিত হয় সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোয়। ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় থাকায় শুরুতে একাদশে জায়গা পাননি তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিপে কুতিনিওর বদলি হিসেবে মাঠে নামেন। তখন ২-০ গোলে এগিয়ে ছিল ফ্ল্যামেঙ্গো।
ম্যাচের ৪৩ মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় ফ্ল্যামেঙ্গো। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পাকেতা। দুই গোলে পিছিয়ে থাকা সান্তোস গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও শুরুতে তেমন ভালো সুযোগ তৈরি করতে পারেনি।
ম্যাচের ৮২ মিনিটে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় সান্তোস। ফ্ল্যামেঙ্গোর ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জিনিও নিজেদের বক্সে হ্যান্ডবল করলে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি দেন রেফারি। এ ঘটনায় লাল কার্ড দেখেন জর্জিনিও। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার।
নেইমারের পেনাল্টি নেওয়ার আগে ভিএআর পর্যালোচনায় সময় লাগে ৯ মিনিট ৫৬ সেকেন্ড। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে ভিএআর চালুর পর এটিই খেলা বন্ধ থাকার দীর্ঘতম সময়ের রেকর্ড।
একজন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগিয়ে দ্রুতই সমতায় ফেরে সান্তোস। প্রথম গোলের চার মিনিট পর ফ্ল্যামেঙ্গো উইঙ্গার লুইস আরাউহো বক্সের মধ্যে সান্তোস ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসাকে ফাউল করেন। আবারও পেনাল্টি পায় সান্তোস। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।
চোট থেকে ফিরে মাঠে নামলেও পুরো ম্যাচে ডান পা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকেতার সাথে বাদানুবাদে জড়ানোর পাশাপাশি মাঠে নামার ১০ মিনিট পর রেফারির সাথে তর্কে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন তিনি। ডান পায়ে কর্নার ও ফ্রি কিক নেননি বাঁ পায়ে ফ্রি কিক নিয়েছেন। তবে পেনাল্টির শট নিয়েছেন ডান পায়েই।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘চোট থেকে ফেরায় (ডান পায়ে) দূরপাল্লার পাস দেওয়ার ঝুঁকি নিতে চাইনি।’
দুই দলের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘দারুণ ফল। দুই দলের জন্যই ম্যাচটা দারুণ ছিল, শুরু থেকে শেষ পর্যন্ত একে অপরকে আক্রমণ করে গেছে। আমার মনে হয় ব্রাজিলে এ দুটো দলই সেরা।’
ব্রাজিলিয়ান সিরি আ-তে ২৯ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সান্তোস। আগামী বছর কোপা লিবার্তোদোরেসে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকা দলটির জন্য এই ড্র গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিয়েছে।



