...|...|...

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে সংঘর্ষে জড়িয়েছেন মহানগর ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণের অভিযোগও উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বুধবার সকাল থেকে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনার বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়।

লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরবর্তী সময়ে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও সংঘর্ষে যোগ দেন। তারা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সংঘর্ষের বিষয়ে পুলিশের বক্তব্য জানতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারির সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বুধবার সকালেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনিও ফোন কেটে দেন। ফলে এ ঘটনায় পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।