নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বায়েজিদ কোতোয়ালকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ইনস্টিটিউটের সামনে বায়েজিদ কোতোয়ালকে মারধর করেন সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
তবে পুলিশের ভাষ্য, বায়েজিদ কোতোয়ালের সাথে স্থানীয় কয়েকজনের জমি নিয়ে আগে থেকেই বিরোধ রয়েছে। এ নিয়ে একটি মামলাও চলমান। ওই বিরোধের জেরে তাকে মারধর করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পরে বায়েজিদ কোতোয়ালকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এ নিয়ে মামলা চলমান রয়েছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাকে আটক করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়েছে।


