...|...|...

সারাদেশ

নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে উত্তেজনা, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১২:২৩
Shares
নিষিদ্ধ আ.লীগের মিছিল ঘিরে উত্তেজনা, সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। মিছিলকারীরা বেড়া মডেল থানার সামনে স্লোগান দিলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। 

পরে সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাড়িটিতেও ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বেড়া মডেল থানার সামনে পৌঁছালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধাওয়া করেন। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

মিছিল ছত্রভঙ্গ হওয়ার কিছুক্ষণ পর শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে ও বাড়ির ভেতরে রাখা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। একইসাথে বাড়িটিতে ভাঙচুরের খবর পাওয়া যায়। তবে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, তারা বাইরে অবস্থান করছেন। এলাকায় পাড়ায় পাড়ায় ব্যাপক মারামারি চলছে। এ কারণে তারা ব্যস্ত রয়েছেন। থানা ঘেরাওয়ের কোনো ঘটনার কথা তার জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে দুর্বৃত্তরা খড়ের পালায় আগুন দিয়েছে।