...|...|...

সারাদেশ

নির্মাণের দেড় মাস না পেরোতেই দেড় কোটি টাকার বাঁধে ফাটল

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৪
Shares
নির্মাণের দেড় মাস না পেরোতেই দেড় কোটি টাকার বাঁধে ফাটল

নির্মাণের দেড় মাস না পেরোতেই দেড় কোটি টাকার বাঁধে ফাটল। ছবি: টাইমস টুডে

নদীভাঙন থেকে জনপদ রক্ষায় নির্মাণ করা হয়েছিল বেড়িবাঁধ। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই সেই বাঁধে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। পায়রা নদীর তীর রক্ষায় ফেলা বালুভর্তি জিও ব্যাগও ধসে পড়ছে নদীগর্ভে। এতে যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছেন বরগুনার তালতলী উপজেলার অন্তত ১৫টি গ্রামের মানুষ।

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনিয়ম ও দায়িত্বশীলদের অবহেলার কারণে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বাঁধের এমন বেহাল দশা হয়েছে। তাদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দায়সারাভাবে কাজ করেছে।

স্থানীয়দের ভাষ্য, বাঁধ নির্মাণের সময় ভেকু (এক্সকাভেটর) দিয়ে বাঁধসংলগ্ন নদীর তীর থেকে মাটি কেটে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, জিও ব্যাগে নিয়ম অনুযায়ী পর্যাপ্ত বালু ভরাট করার কথা থাকলেও অনেক ব্যাগে নামমাত্র বালু ও মাটি দিয়ে নদীতে ফেলা হয়েছে। কাজ চলাকালেই এসব অনিয়মের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অভিযোগ আমলে নেয়নি বলে দাবি স্থানীয়দের।

পানি উন্নয়ন বোর্ডের আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। কাজগুলো বাস্তবায়ন করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন, মেসার্স আর.এস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শেষ হয়।

তবে কাজ শেষ হওয়ার দেড় মাস পার না হতেই প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে দেখা যায়, পায়রা নদীর ভাঙন রোধে সংস্কার করা বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের প্রায় ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের প্রায় ২০০ মিটার অংশে সৃষ্টি হয়েছে বড় ধরনের ফাটল। কোথাও কোথাও বাঁধের মাটি সরে গিয়ে ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আসন্ন জোয়ারের পানির চাপে যেকোনো সময় বাঁধটি ভেঙে যেতে পারে।

বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজারো মানুষের ঘরবাড়ি, আমন ধানের ক্ষেত, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। হুমকির মুখে পড়তে পারে এলাকার মানুষের জীবন-জীবিকা ও কৃষিনির্ভর অর্থনীতি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নামমাত্র কাজ করে সরকারি অর্থ ব্যয় দেখায়। কাজ শুরুর সময়ই আমরা অনিয়মের প্রতিবাদ করেছিলাম। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। এখন দেড় মাস না যেতেই জিও ব্যাগ নদীতে চলে যাচ্ছে, বাঁধে ফাটল ধরেছে। বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের সবকিছু পানিতে তলিয়ে যাবে। তখন ক্ষতির দায় কে নেবে?

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, বেড়িবাঁধ ভেঙে গেছে, বিষয়টি সে রকম নয়। ওই বেড়িবাঁধের পাশে নদীর তলদেশে ভাঙন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা খুব শিগগিরই কাজ শুরু করব।

সংস্কার করা বেড়িবাঁধে ফাটল ও ক্ষয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি আগে জানতাম না। আমি বিষয়টি খতিয়ে দেখছি।