নির্বাচনে পরাজিত হলেই জামায়াত নেতাকর্মীরা পাগলামি শুরু করেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জরুরি নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি খোকন তালুকদার বলেন, গতকাল ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচন ঘিরে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে বটবাহিনী। তারা হেরে গিয়ে হয়তো কিছুদিন পাগলামি করবে। আমরা জানি, তারা যখন হেরে যায়, তখন পাগলামি করে।
জামায়াত নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, আমি জামায়াতের নেতাদের বলব, পাগলামিরও যেন একটা সীমাবদ্ধতা থাকে। সেই সীমা লঙ্ঘন করলে বাংলাদেশের মানুষের তোপের মুখে পড়তে হবে।
নদীভাঙন প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর নির্দেশনা রয়েছে, জরুরি ভিত্তিতে যেখানে জিও ব্যাগ ফেলা প্রয়োজন, সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধে কাজ করতে হবে। তারা যেভাবে তথ্য দিয়ে ডিও লেটার পাঠাচ্ছেন, সরকার গুরুত্বের সাথে সেসব এলাকায় নদীভাঙন প্রতিরোধে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাইনুল ইসলাম মামুন, যুবদল নেতা মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জিন্নাত আলী সরদারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


