...|...|...

স্বাস্থ্য

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:০০
Shares
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দেশের মানুষের জন্য নিরাপদ, পুষ্টিকর ও টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যাভ্যাসের পরিবর্তন, পুষ্টিহীনতা ও খাদ্যজনিত রোগের ঝুঁকি মোকাবিলায় প্রণয়ন করা হচ্ছে ‘জাতীয় খাদ্য পরিবেশ কৌশল’ (এনএফইএস)। বিশেষজ্ঞদের মতে, এই কৌশল বাস্তবায়ন হলে শিশুদের পুষ্টি সুরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। 

গত ২০ আগস্ট ডব্লিউএইচও’র উদ্যোগে আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় এই কৌশল প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হয়। ‘নিউট্রিশন ফর গ্রোথ’ এবং জাতিসংঘ খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীতে অনুষ্ঠিত ওই সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, একাডেমিয়া, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং খাদ্য ব্যবস্থা বিশেষজ্ঞরা অংশ নেন।

সভায় দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, দেশে এখনো পুষ্টিহীনতা একটি বড় সমস্যা হলেও একই সঙ্গে বাড়ছে অতিরিক্ত ওজন, স্থূলতা এবং খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ। পাশাপাশি অতি-প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সভায় পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা, বিদ্যালয়ে নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং খাদ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এই সভায় জাতীয় খাদ্য পরিবেশ কৌশলের অগ্রাধিকার, সুশাসন কাঠামো এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ঐকমত্য তৈরি হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতি, শিশুদের সুরক্ষা এবং খাদ্যাভ্যাসজনিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি হবে।