আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগের মধ্যেই বহুল প্রতীক্ষিত ২০২৭ এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
আগামী বছরের ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হবে এশিয়ার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় এই ফুটবল আসর। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক সৌদি আরবের মুখোমুখি হবে ফিলিস্তিন।
সোমবার (২৬ অক্টোবর) এএফসি ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানী রিয়াদের ৭২ হাজার দর্শক ধারণক্ষমতার কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। দীর্ঘ ২৯ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি এই ভেন্যুতেই।
সৌদি আরবের তিনটি শহরের মোট আটটি ভেন্যুতে গড়ায় এ আসর। এর মধ্যে রিয়াদে পাঁচটি, জেদ্দায় দুটি এবং আল-খোবারে একটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে আনুষ্ঠানিক সূচি প্রকাশ হলেও সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সংশয় কাটেনি।
সাম্প্রতিক সময়ে সৌদির তেল অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় জাপানসহ কয়েকটি দেশের ফুটবল ফেডারেশন উদ্বেগ প্রকাশ করেছে। আঞ্চলিক পরিস্থিতির অবনতির কারণে সম্প্রতি ২০২৭ সালের ডাকার র্যালিও সৌদির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা চলতি মাসে ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে টুর্নামেন্টটি ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে। তবে সৌদি স্থানীয় আয়োজক কমিটি জানিয়েছে, তারা নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

