...|...|...

সোশ্যাল মিডিয়া

নিজের সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, আপস নয়: আব্দুল হাই সাইফুল্লাহ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৭ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৮
Shares
নিজের সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, আপস নয়: আব্দুল হাই সাইফুল্লাহ

ছবি: সংগৃহীত

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আচরণে নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেছেন, সন্তানের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উল্লেখ করেন, শিক্ষার্থীদের শাসন করার পাশাপাশি তাদের প্রতি স্নেহ ও যত্ন দেখানোরও নির্দিষ্ট সীমা রয়েছে। বিশেষ করে ধর্মীয় শিক্ষকদের ক্ষেত্রে এ বিষয়ে আরও কঠোর নৈতিকতা অনুসরণ করা প্রয়োজন। পিতার মতো বা বড় ভাইয়ের মতো সম্পর্কের পরিচয় দিয়ে কোনোভাবেই সীমা লঙ্ঘনকে বৈধতা দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্‌ঘাটন করতে হবে। অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তবে তদন্ত শেষ হওয়ার আগেই পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়াও সমীচীন নয়।

ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতার ঘটনা আড়াল করার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, এতে একদিকে যেমন অপরাধের বিচার বাধাগ্রস্ত হয়, অন্যদিকে প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হয়।

পোস্টে নৈতিকতার প্রশ্ন তুলে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, নিজেদের অন্যায় আড়াল করে অন্যের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া দ্বিমুখী আচরণ। সত্যকে স্পষ্টভাবে স্বীকার করতে না পারলে অন্যদের নৈতিকতার শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে।

পোস্টের শেষাংশে তিনি বলেন, ন্যায়বিচারের মানদণ্ড ব্যক্তি, পদ কিংবা প্রতিষ্ঠান অনুযায়ী পরিবর্তিত হতে পারে না। সন্তানের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-এ প্রশ্নে কোনো আপস করা যাবে না।