...|...|...

বিশ্ব

নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪
Shares
নিজস্ব প্রযুক্তির এআই তৈরি করল ইরান

ছবি: এআই

ফারসি ভাষায় টেলিফোনে কথোপকথন শনাক্ত করে তা লেখায় রূপান্তরের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তৈরি করেছে ইরান। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের উদ্ভাবিত এই প্রযুক্তি তুলনামূলক পরীক্ষায় গুগলের স্পিচ রিকগনিশন সিস্টেমসহ আন্তর্জাতিক বিভিন্ন সেবার চেয়ে ভালো ফল করেছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ইন্টেলিজেন্ট সিস্টেমস অনুষদের শিক্ষক হাদি ভাইসি প্রযুক্তিটি তৈরি করেছেন। টেলিফোনে কথোপকথনের সময় ফারসি ভাষা শনাক্তকরণের নানা জটিলতা বিবেচনায় নিয়ে বিশেষভাবে এটি তৈরি করা হয়েছে।

হাদি ভাইসি জানান, ইরানের বিভিন্ন কল সেন্টার থেকে সংগ্রহ করা কয়েক হাজার ঘণ্টার বাস্তব টেলিফোন কথোপকথনের তথ্য ব্যবহার করে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। এসব তথ্যের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলের উপভাষা ও উচ্চারণের নমুনাও রয়েছে।

তার ভাষ্য, স্থানীয় তথ্য ব্যবহার করায় ইরানের বিভিন্ন অঞ্চলে ফারসি ভাষা বলার ধরন এবং টেলিফোনে কথোপকথনের বাস্তব পরিস্থিতি বুঝতে প্রযুক্তিটি বেশি কার্যকর হয়েছে।

বর্তমানে দেশটির কয়েকটি প্রতিষ্ঠান স্মার্টফোনভিত্তিক সহকারী ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় গ্রাহকসেবা কার্যক্রমে এই প্রযুক্তি ব্যবহার করছে।

সংশ্লিষ্টদের আশা, ফারসি ভাষা, আঞ্চলিক উপভাষা ও স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী তৈরি এই প্রযুক্তি দেশটিতে নিজস্ব এআই অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। একই সঙ্গে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে ফারসি ভাষাভিত্তিক বুদ্ধিমান সেবা সম্প্রসারণেও ভূমিকা রাখবে।