হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী (পরিচয় অনুযায়ী) নামের এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে শুক্রবার (৩০ অক্টোবর) তার দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা দুইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান চালায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। প্রায় সাড়ে তিন বছর আগে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা করা হয়েছিল। মামলাটি দীর্ঘদিন ধরে তদন্তাধীন ছিল।
সম্প্রতি এ মামলার তদন্তে একই গ্রামের শাহ আলম (৪২) ও তার স্ত্রী জাহানারা (৩৪) গ্রেফতার হন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেহাবশেষ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ-২ রনজিৎ রায় বলেন, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে থানায় মামলা হয়েছিল। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। শুক্রবার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।


