...|...|...

রাজধানী

নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা, গ্রেফতার ১৪

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৩
Shares
নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা, গ্রেফতার ১৪

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ মানিকদীতে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে আবাসন প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার নারীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করেন। এরপর তারা সেখানে ভাঙচুর ও মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তিনজন মারামারিতে গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

পুলিশ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, জমি কেনাবেচা নিয়ে আর্থিক বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একই আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল নিউ গিনি প্রপার্টিজে হামলা চালায়। হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ভাড়া নেওয়া স্টুডিও ‘ব্রাউনফিশেও’ ভাঙচুর ও লুটপাট করে।

ওই ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ওই মামলায় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই আগের হামলার ঘটনা ঘটেছিল। একই প্রতিষ্ঠানে আবারও হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।