...|...|...

বিশ্ব

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানে মেয়র মামদানির আপত্তি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৫০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২
Shares
নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানে মেয়র মামদানির আপত্তি

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত অনুষ্ঠানে আপত্তি জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। আগামী ২৯ আগস্ট ম্যানহাটনে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাগবতের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মেয়র মামদানি স্পষ্ট জানান, তিনি এই আয়োজনকে সমর্থন করেন না। তবে বেসরকারি উদ্যোগে অনুষ্ঠানটি হতে যাওয়া সেটি বন্ধ করার আইনি এখতিয়ার সিটি কর্তৃপক্ষের আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেযর মামদানি বলেন, ‘আমার দেখা শৈশবের ভারত ছিল বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ। ফলে কোনো সুনির্দিষ্ট সম্প্রদায়কে বাদ দেওয়ার নীতিতে চলা সংগঠনের উত্থান শুধু ভারতের জন্য নয়, যেকোনো দেশের জন্যই উদ্বেগের।’

আরএসএসের শতবর্ষ উপলক্ষে আগামী ২৯ আগস্ট ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ নামের এই অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের উপস্থিতির কথা রয়েছে। আয়োজকদের দাবি, এর লক্ষ্য হিন্দু আমেরিকানদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা।

তবে হিন্দুস ফর হিউম্যান রাইটস, ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল ও ইন্টারফেইথ সেন্টার অব নিউইয়র্কসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এবং মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন অনুষ্ঠানটি বাতিলের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, আরএসএস ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি অসহিষ্ণুতা ও সহিংসতার সঙ্গে জড়িত। যদিও আরএসএস ও ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে কানাডাসহ বিভিন্ন দেশে মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। নিউইয়র্কেও তার উপস্থিতি ঘিরে এবার নতুন করে আলোচনা শুরু হলো। তবে এখন পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিলের কোনো ঘোষণা আসেনি।