কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য পরিচয়ে ইতালি প্রবাসী এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা তোফায়েল আলম টিটুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ এই তথ্য জানান। এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পিবিআই সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার বাসিন্দা শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের (২২) সাথে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে গ্রেফতারকৃত ব্যক্তির যোগাযোগ হয়। তিনি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি নারী সেনাসদস্যের পোশাক পরিহিত ছবি ও ভিডিও পাঠানোর পাশাপাশি নিজেই নারী কণ্ঠের অনুকরণে ফোনে কথা বলে ওই প্রবাসীর আস্থা অর্জন করেন এবং প্রেমের সম্পর্ক তৈরি করেন। পরে মায়ের অসুস্থতাসহ নানা অজুহাত দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে প্রবাসীর কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আদায় করেন তিনি।
প্রতারণার শিকার হয়ে প্রবাসীর মা শাহনাজ বেগম প্রথমে আদালতে একটি সিআর মামলা (নম্বর ১০৫০/২৬) দায়ের করেন। আদালতের নির্দেশনায় পিবিআই তদন্তে নেমে প্রযুক্তিগত সহায়তায় প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হলে পিবিআই বিষয়টির ছায়া তদন্তসহ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তভার নেয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনজুর রহমানের নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর দারুস সালাম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারের পর ২১ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হলে একদিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

