...|...|...

খেলা

নারী দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জ্যোতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫১
Shares
নারী দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নিগার সুলতানা জ্যোতি। নিজের ব্যাটিং ও উইকেটকিপিংয়ে বাড়তি মনোযোগ দিতেই সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি বিসিবিকে জ্যোতি জানিয়েছেন বলে নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজ।

চলমান এশিয়ান গেমসের পরেই টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তিনি। তবে টি-টোয়েন্টি ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন জ্যোতি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপান থেকে বিসিবিকে নিজের এই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তিনি।

সাম্প্রতিক সময়ে নিজের অফফর্ম ও দলের ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতির কারণে চাপে ছিলেন জ্যোতি। সর্বশেষ নারী এশিয়া কাপে ব্যাট হাতে ৪ ম্যাচে মাত্র ৫৬ রান করেন তিনি, আর দল বিদায় নেয় সেমিফাইনাল থেকে।

এর আগে ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। পরবর্তীতে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সাথে ত্রিদেশীয় সিরিজেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ক্ষুদ্রতম সংস্করণে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া শুরু করেন জ্যোতি। বাংলাদেশের হয়ে ১২০টি টি-টোয়েন্টির মধ্যে রেকর্ড ৮০টি ম্যাচেই অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ, যা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজ প্রতিনিধিদের প্রথম জয়।