সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ নামে পরিচিত আয়মান আল জাওয়াহিরি নিজের নামের সাথে ‘ইকো’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন। তার নামের আগে বা টাইটেলের সাথে এই শব্দ যুক্ত করা হলে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন আয়মান আল জাওয়াহিরি।
টাইমস টুডের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হল-
‘একটি বিশেষ অনুরোধ ও স্পষ্ট বক্তব্য- আমার নামের টাইটেলের সাথে যদি ‘ইকো’ শব্দটি ব্যবহার করা হয়, তাহলে আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব না। কারণ, ইকো আমার পরিচয় নয়, এটি আমার যোগ্যতা বা পদবি নয়। আমার নামের সাথে এমন কোনো শব্দ যুক্ত করার প্রয়োজন নেই, যা আমার প্রকৃত পরিচয়কে প্রকাশ করে না।
আমি চাই, আমাকে আমার নিজের নাম ও পরিচয়ে সম্মান জানানো হোক। সম্মান দেওয়ার জন্য অতিরিক্ত কোনো টাইটেলের প্রয়োজন নেই। আশা করি, আয়োজকবৃন্দ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। ধন্যবাদ।’

