নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, ১৯ তারিখে ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারেনি আওয়ামী লীগ। বরং তাদের আস্ফালন থামিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বাড়াবাড়ি করলে আরও কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
নয়ন বলেন, হ্যালো নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ- বলেছিলাম না, ১৯ তারিখ 'লক ডাউন' বলে কোন কিছু থাকবে না। সব চলবে স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক ভাবে। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন ডাউন করে দিবো। দিয়েছি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাড়াবাড়ি করবেন না। এই কয়দিন যা দেখেছেন সেটা ট্রেইলার ছিল। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, তাকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। পায়ে গুলি করে আহত অবস্থায় টেনে আদালতে নেওয়া হয়েছিল। একাধিকবার গুলি করা হয়েছিল এবং তাকে মৃত ভেবে হাসপাতালে ফেলে রাখা হয়েছিল। তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকেও গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ার প্রত্যাশায় অতীতের নির্যাতন ভুলে থাকতে চেয়েছিলেন। যারা তাকে নির্যাতন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকলেও প্রতিশোধের পথে হাঁটেননি।
তবে বিএনপি ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের হুমকি এবং তাদের ও পরিবারের সদস্যদের নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ ও সরকারের প্রতি নমনীয়তাকে দুর্বলতা হিসেবে দেখছে একটি পক্ষ।
দেশজুড়ে সহিংসতা ও নাশকতার চেষ্টা এবং হুমকির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এতদিন ছাড় দেওয়া হয়েছে বলে ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে, এমনটি ভাবার কারণ নেই। নিজের ভেতরে ক্ষোভ চেপে রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, সেটিকে উসকে দেওয়া হলে ভয়াবহ পরিণতি হতে পারে।

