কক্সবাজারের টেকনাফে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. তিতাস শেখকে শেষ বিদায় জানালেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ ফরিদপুরে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নানীর কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি (মডেল স্কুল) মাঠে অবতরণ করে। পরে হেলিকপ্টার থেকে তিতাসের লাশ নামানোর হলে স্বজন ও স্থানীয়রা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে লাশটি নেওয়া হয় উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে বিকেল ৫টা ২৫ মিনিটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ দিন জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের পর সন্ধ্যা ৬ টার দিকে পারিবারিক কবরস্থানে নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় সেনাসদস্য তিতাসকে।
তিতাসের এমন অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। তার মৃত্যুতে নগরকান্দার লস্করদিয়া এলাকাসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


