নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের ১৪ মাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৪ মাথা এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গভীর রাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
নয়ন ইসলামের দাবি, নাশকতার উদ্দেশে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করেছিলেন। ওই নেতাকর্মীরাই বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন বলে অভিযোগ তার।
গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।


