...|...|...

লাইফস্টাইল

নভেম্বর রেইন কী? এই বৃষ্টি নিয়ে কেন এত উন্মাদনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ১০:০৭
Shares
নভেম্বর রেইন কী? এই বৃষ্টি নিয়ে কেন এত উন্মাদনা

ছবি: সংগৃহীত

ক্যালেন্ডারের পাতায় এখন নভেম্বর মাস। ঢাকাসহ সারা দেশেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কোথাও কোথাও হচ্ছে ভারী বর্ষণও। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া এই বৃষ্টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উন্মাদনা চোখে পড়ছে।

নভেম্বরের বৃষ্টি নামলেই অনেকের মনে ফিরে আসে ‘নভেম্বর রেইন’ শব্দযুগল। কিন্তু ‘নভেম্বর রেইন’ কি কেবল নভেম্বরের বৃষ্টি, নাকি এর সাথে জড়িয়ে আছে আরও গভীর কোনো গল্প ও অনুভূতি? বৃষ্টির ছোঁয়া পেলেই অনেকের মনে প্রশ্ন জাগে—‘নভেম্বর রেইন’ আসলে কী?

‘নভেম্বর রেইন’ মূলত একটি বিখ্যাত গান, যা ঘিরে মানুষের নানা আগ্রহ ও আবেগ রয়েছে। মার্কিন রক ব্যান্ড ‘গানস অ্যান্ড রোজেস’-এর কালজয়ী গান ‘নভেম্বর রেইন’ থেকেই এই শব্দযুগলের জনপ্রিয়তা। ব্যান্ডের কণ্ঠশিল্পী অ্যাক্সেল রোজ গানটি লিখেছিলেন, যা প্রায় নয় মিনিটের একটি রক ব্যালাড। ১৯৮৩ সাল থেকে তিনি গানটি লেখা শুরু করেন। ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘ইউজ ইয়োর ইলিউশন ওয়ান’ অ্যালবামের পর গানটি ব্যাপক পরিচিতি পায়, যদিও একক গান হিসেবে এটি প্রকাশিত হয়েছিল ১৯৯২ সালে।

এই গানের জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছিল এর সংগীতচিত্র। প্রায় ১৫ লাখ মার্কিন ডলার খরচে নির্মিত সেই সংগীতচিত্র বিশ্বের অন্যতম ব্যয়বহুল সংগীতচিত্র হিসেবে পরিচিত। গানের কথায় রয়েছে অন্ধকার পেরিয়ে পথ খুঁজে নেওয়ার বার্তা—যেখানে বলা হয়েছে, কোনো কিছুই চিরকাল থাকে না, এমনকি শীতল নভেম্বর রেইনও নয়।

বাংলাদেশে নভেম্বর মাস সাধারণত শুষ্ক ও শীতের শুরুর সময় হিসেবে পরিচিত। তবে সাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে এ মাসে বৃষ্টি হলে তা অনেকের কাছেই ব্যতিক্রমী ও আবেগের মনে হয়। নভেম্বর এলে কিংবা বৃষ্টি নামলেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে গান, গানের পঙ্‌ক্তি আর বৃষ্টির অনুভূতি ভাগ করে নেওয়ার প্রবণতা দেখা যায়।

নভেম্বরের এই বৃষ্টিকে অনেকে শীতের আগমনী বার্তা হিসেবেও দেখেন। এর সাথে গরম চা, খিচুড়ি বা শীতের আমেজের অনুভূতি জড়িয়ে যায়; অনেকের কাছে এই বৃষ্টির পর থেকেই শীতের প্রকৃত শুরু ধরা হয়। সে কারণেই শীতের আগমনী আমেজে ‘নভেম্বর রেইন’ শব্দটি আলাদা পরিচিতি পেয়েছে।

শব্দটি কেবল একটি গানেই সীমাবদ্ধ নেই, সংস্কৃতি ও জনজীবনের নানা অনুষঙ্গেও জায়গা করে নিয়েছে। লেখক আবুল কালাম আজাদ ও কৌশিক সামন্ত তাদের বইয়ের নাম রেখেছেন ‘নভেম্বর রেইন’। এ ছাড়া এই নামে নির্মিত হয়েছে একাধিক সিনেমা ও নাটক; এমনকি কেউ কেউ ক্যাফে বা রেস্তোরাঁর নামও রেখেছেন ‘নভেম্বর রেইন’।

সব মিলিয়ে শব্দটি এখন আবেগ, স্মৃতি ও অনুভূতির সাথে মিশে গেছে। ভৌগোলিক সীমা পেরিয়ে মানুষের আনন্দ ও বিষাদের অনুষঙ্গ হয়ে ওঠা ‘নভেম্বর রেইন’ তাই বৃষ্টির কোমল পরশে হৃদয়কেও ছুঁয়ে যায়।