ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তার ও জমি হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩ই অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরলাপাং গ্রামের রহমত ও আক্তার মিয়ার সাথে মোছলেম মেম্বারের দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে শনিবার রাতে জমি হালচাষকে কেন্দ্র করে ট্রাক্টর নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


