...|...|...

ঢাকা

নবীগঞ্জে কিশোর গ্যাংয়ের দাপট, আতঙ্কে এলাকাবাসী

বন্দর প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৪৪
Shares
নবীগঞ্জে কিশোর গ্যাংয়ের দাপট, আতঙ্কে এলাকাবাসী

ছবি: এআই জেনারেটেড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দিন দিন বেড়েই চলেছে। তাদের বিরুদ্ধে দলবদ্ধ আড্ডা, বেপরোয়া মোটরসাইকেল মহড়া, ইভটিজিং, মাদক সেবন এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জ খেয়াঘাট, বাসস্ট্যান্ড, বিভিন্ন মাঠ ও পাড়া-মহল্লার অলিগলিতে দিন-রাত দলবদ্ধভাবে কিশোর ও উঠতি বয়সী যুবকদের আড্ডা দিতে দেখা যায়। বিশেষ করে সন্ধ্যার পর তাদের তৎপরতা আরও বেড়ে যায়। উচ্চশব্দে মোটরসাইকেল চালিয়ে মহড়া দেওয়া, পথচারীদের ভয়ভীতি দেখানো ও বিভিন্ন ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।

এলাকাবাসীর দাবি, সামান্য কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করলেও সংঘবদ্ধভাবে হুমকি কিংবা হামলার আশঙ্কা থাকে। ফলে অনেকেই ভয়ে মুখ খুলতে চান না। সন্ধ্যা ও রাতের দিকে নবীগঞ্জের বিভিন্ন সড়ক দিয়ে নারী, শিশু ও সাধারণ মানুষের চলাচলও অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কিশোর গ্যাংয়ের কারণে আমাদের সন্তান ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। ছোটখাটো বিষয় নিয়েও তারা দলবদ্ধ হয়ে ভয় দেখায়। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।’

এদিকে, এলাকায় কিশোর গ্যাংয়ের এমন তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল। তাদের মতে, কিশোরদের একটি অংশের বেপরোয়া চলাফেরা শুধু আইনশৃঙ্খলার জন্যই নয়, বরং নতুন প্রজন্মের ভবিষ্যতের জন্যও হুমকি হয়ে উঠছে।

স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নবীগঞ্জ ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করতে হবে। একই সাথে মাদকবিরোধী অভিযান এবং কিশোরদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা কার্যক্রম বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই নবীগঞ্জকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে জরুরি ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।