...|...|...

বিশেষ প্রতিবেদন

নদীভাঙন ঠেকাতে ৪৫ কোটির প্রকল্প, মিলবে কি স্থায়ী সমাধান?

নিয়মিত রক্ষণাবেক্ষণই চ্যালেঞ্জ; মাঠপর্যায়ে গবেষণার সুফল নিয়ে প্রশ্ন

নাজমুল হাসান রাজ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
নদীভাঙন ঠেকাতে ৪৫ কোটির প্রকল্প, মিলবে কি স্থায়ী সমাধান?

ছবি: এআই জেনারেটেড

পদ্মা, যমুনা কিংবা তিস্তার মতো বড় নদীর ভাঙন নিয়ে আলোচনা হয় বছরজুড়েই। ভাঙন ঠেকাতে নেওয়া হয় কোটি কোটি টাকার প্রকল্প। কিন্তু দেশের ছোট ও মাঝারি নদীগুলোর ভাঙন থেকে যায় অনেকটা আড়ালে। অথচ প্রতি বর্ষায় এসব নদীর পাড় ভেঙে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারান অসংখ্য মানুষ। বড় নদীর মতো সব জায়গায় কংক্রিট ব্লক বা জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোও ব্যয়বহুল। তাই কম খরচে ছোট ও মাঝারি নদীর ভাঙন রোধে কার্যকর দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের উদ্যোগ নিয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট। এ জন্য নেওয়া হয়েছে প্রায় ৪৫ কোটি টাকার চার বছর মেয়াদি গবেষণা প্রকল্প। তবে প্রশ্ন উঠেছে, এই গবেষণায় কি সত্যিই মিলবে নদীভাঙন রোধের টেকসই সমাধান, নাকি গবেষণাতেই সীমাবদ্ধ থাকবে উদ্যোগ?

এই বাস্তবতায় ২০২৫ সালে ৪ বছর মেয়াদি ছোট ও মাঝারি নদীর ভাঙন ঠেকাতে সাশ্রয়ী ও টেকসই দেশি কৌশল উদ্ভাবনে  ৪৫ কোটি টাকার গবেষণা প্রকল্প হাতে নিয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট।

তথ্য বলছে, নদী গবেষণা ইনস্টিটিউট চার বছর মেয়াদী এই প্রকল্প ২০২৫ থেকে জুন ২০২৯ পর্যন্ত। এই অর্থবছরের বরাদ্দ ৪ কোটি ৫৬ লাখ টাকা, যা মোট ব্যয়ের প্রায় ৮ দশমিক ৯ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, বড় নদীর ভাঙন ঠেকাতে সাধারণত জিওব্যাগ, কংক্রিট ব্লক, পাথর ও অন্যান্য স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এসব কাজে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। কিন্তু দেশের সব ছোট ও মাঝারি নদীর পাড় রক্ষায় এত টাকা ব্যয় করা সম্ভব নয়। এ কারণে নতুন এই প্রকল্পে স্থানীয়ভাবে পাওয়া উপকরণ ব্যবহার করে কম খরচে ভাঙন ঠেকানোর উপায় খোঁজা হবে। পাশাপাশি নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ঠিক রেখে সহজে রক্ষণাবেক্ষণ করা যায়, এমন পদ্ধতি উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুধু নদীর পাড় ভাঙাই নয়, নদী ও খাল ভরাট হয়ে যাওয়াও বড় সমস্যা। অনেক নদীতে পলি জমে পানির গভীরতা কমে যাচ্ছে। এতে বর্ষাকালে পানি ঠিকমতো নামতে না পেরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

প্রকল্পের আওতায় নদীর পানির প্রবাহ, পাড়ের মাটির ধরন, পলি জমার পরিমাণ, স্রোতের গতিপথ এবং বর্ষায় পানির চাপ পরীক্ষা করা হবে। কোন কোন এলাকায় ভাঙনের ঝুঁকি বেশি, তা চিহ্নিত করে মানচিত্রও তৈরি করা হবে। এরপর নদীর ধরন ও এলাকার পরিস্থিতি অনুযায়ী কোথায় কীভাবে ভাঙন ঠেকানো সম্ভব, সে বিষয়ে সুপারিশ করবেন গবেষকেরা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্প বাস্তবায়িত হলে ইনস্টিটিউটের গবেষণাগার, হাইড্রলিক মডেল এবং ক্ষেত্রপর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সুবিধা শক্তিশালী হবে। এতে শুধু গবেষকেরা নন, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন ও নকশাকার প্রতিষ্ঠানও নির্ভরযোগ্য তথ্য ও কারিগরি সহায়তা পাবে। 

এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টরা টাইমম টুডেকে বলেন, অগ্রগতি নিয়মিত পরিবীক্ষণ করা হচ্ছে এবং গবেষণা সুবিধার আধুনিকায়নের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। ছোট ও মাঝারি নদীর ভাঙন রোধে একই সমাধান সব নদীতে কার্যকর নয়। নদীর প্রবাহ, তীরের মাটির ধরন, পলি জমার প্রকৃতি ও স্থানীয় ঝুঁকি বিবেচনা করে স্থানভিত্তিক কৌশল তৈরি করতে হবে। তাই শুধু তাত্ত্বিক গবেষণা নয়, বাস্তবে প্রয়োগযোগ্য কৌশল তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রকল্প পরিচালক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামান খান ইউসুফজাঁই  টাইমস টুডেকে জানান,  প্রথম বছরে বরাদ্দ মোট ব্যয়ের প্রায় ৯ শতাংশ। এ থেকে ধারণা করা যায়, প্রকল্প প্রথম বছরে মূলত প্রাথমিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা, প্রয়োজনীয় ক্রয়, তথ্য সংগ্রহ ও গবেষণা সুবিধার উন্নয়নে এগোতে পারে। ইনস্টিটিউটের হাইড্রলিক ও জিওটেকনিক্যাল গবেষণা পরিদফতর এবং ভৌত ও গাণিতিক মডেল স্টাডির কাঠামো শক্তিশালী হলে ভাঙনের পূর্বাভাস, তীর সংরক্ষণের নকশা ও স্থানভিত্তিক সমাধানে দেশীয় সক্ষমতা বাড়বে বলে প্রত্যাশা করছি।

নদী বিশেষজ্ঞরা বলছেন, নদীর পাড়ে বাঁধ বা অন্য কোনো কাঠামো তৈরি করলেই ভাঙন স্থায়ীভাবে বন্ধ হয় না। সময়ের সাথে নদীর গতিপথ বদলায়, কোথাও পলি জমে, আবার বর্ষায় পানির চাপ বেড়ে যায়। ফলে এক জায়গায় ভাঙন বন্ধ হলেও অন্য জায়গায় নতুন করে ভাঙন দেখা দিতে পারে। এ কারণে শুধু বাঁধ নির্মাণ নয়, নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণও জরুরি।

তাদের মতে, ছোট ও মাঝারি নদী রক্ষায় ভাঙন ঠেকানোর পাশাপাশি নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ঠিক রাখতে হবে। নদী দখল ও অবৈধ ভরাট বন্ধ করতে হবে। সেইসাথে নদীতে বর্জ্য ফেলা রোধ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এসব কাজে স্থানীয় মানুষকে যুক্ত করা গেলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব।

বিশেষজ্ঞরা আরও বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার ধরন, পানিপ্রবাহ ও তীরের ক্ষয়ও বদলাতে পারে। তাই গবেষণায় অতীতের তথ্যের পাশাপাশি ভবিষ্যতের ঝুঁকিও বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে জিআইএসভিত্তিক মানচিত্র, স্যাটেলাইট চিত্র, নদীর গতিপথের ঐতিহাসিক তথ্য এবং মাঠপর্যায়ের পর্যবেক্ষণ একসাথে ব্যবহার করা যেতে পারে।

 প্রকল্প সফল হতে তিনটি বিষয়ে জোর দেওয়ার কথা জানিয়ে  প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গবেষণার ফল প্রতিবেদনে আটকে না রেখে মাঠপর্যায়ে পাইলট আকারে প্রয়োগ করতে হবে। স্থানীয় জনগোষ্ঠী, ইউনিয়ন পরিষদ, কৃষক ও স্থানীয় প্রকৌশলীদের সাথে সমন্বয় করে কৌশল তৈরি করতে হবে। রক্ষণাবেক্ষণের জন্য বাজেট, দায়িত্ব ও নিয়মিত পর্যবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এদিকে, নদীভাঙনের ক্ষতি শুধু জমি হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এতে মানুষের ঘরবাড়ি ও জীবিকা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগব্যবস্থার ওপরও প্রভাব পড়ে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ৪৫ কোটি টাকার এই গবেষণা প্রকল্প ছোট ও মাঝারি নদীর তীরবর্তী মানুষের জন্য সুফল বয়ে আনতে পারে। তবে প্রকল্পের সফলতা নির্ভর করবে গবেষণার মান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা, অর্থের স্বচ্ছ ব্যবহার এবং গবেষণার ফল বাস্তবে কতটা কাজে লাগানো হচ্ছে, তার ওপর।