লাল-সবুজের ঐতিহ্যের সাথে এবার যুক্ত হয়েছে বাংলা বর্ণমালা। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সিতে রাখা হয়েছে বাংলা হরফের বিশেষ নকশা। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল কিট স্পন্সর ‘দৌড়’ তৈরি করেছে ব্যতিক্রমী এই জার্সি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় দলের নতুন হোম ও অ্যাওয়ে কিট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাদের উপস্থিতিতেই ফুটবলারদের নতুন জার্সি সবার সামনে তুলে ধরা হয়।
নতুন হোম জার্সিতে এবার প্রাধান্য পেয়েছে সাদা রং। সবুজ কলার এবং দুই পাশে লাল বর্ডার জার্সিটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। তবে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জমিনজুড়ে থাকা বাংলা বর্ণমালার ছাপ।
হোম জার্সির বুকের অংশে লাল রঙে রাখা হয়েছে বাফুফের লোগো ও খেলোয়াড়দের নম্বর। এর সাথে থাকছে লাল শর্টস এবং সাদা মোজা। ফলে প্রচলিত লাল সবুজের বাইরে এবার সাদা রঙের একটি ভিন্ন আবহে মাঠে দেখা যাবে বাংলাদেশকে।
অ্যাওয়ে জার্সিতে অবশ্য বাংলাদেশের পরিচিত লাল-সবুজের আবেগই ধরে রাখা হয়েছে। মূল রং সবুজের ওপর কাঁধ বরাবর রয়েছে লাল স্ট্রাইপ। হোম জার্সির মতো এই কিটেও বাংলা বর্ণমালা ব্যবহার করা হয়েছে। তবে সেখানে অক্ষরগুলো এমবসড টেক্সচারে, অর্থাৎ ত্রিমাত্রিক বা উঁচু-নিচু নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।
অ্যাওয়ে কিটে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো ও খেলোয়াড়দের জার্সি নম্বর রাখা হয়েছে সাদা রঙে। এই জার্সির সাথে থাকছে সবুজ শর্টস ও সবুজ মোজা। সব মিলিয়ে নতুন দুই কিটেই বাংলাদেশের ফুটবল ঐতিহ্যের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধার বিষয়টি তুলে ধরা হয়েছে।


