...|...|...

শিক্ষা

নতুন পে-স্কেল যেদিন থেকে পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৫
Shares
নতুন পে-স্কেল যেদিন থেকে পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন মন্ত্রিসভায় অনুমোদিত নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদনের পর সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য তুলে ধরলেও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সেসময় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

তিনি জানিয়েছিলেন যে এ বিষয়ে পরে সিদ্ধান্ত আসবে। এ নিয়ে শিক্ষকদের মাঝে আলোচনা শুরু হলেও পরবর্তীতে সরকারের উচ্চপর্যায়ের সূত্রে নিশ্চিত করা হয়েছে যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতনকাঠামোর শতভাগ সুবিধা পাবেন।

বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সরকারের দেওয়া এমপিও বা মান্থলি পে অর্ডারের মাধ্যমে মূল বেতনের শতভাগসহ কিছু নির্দিষ্ট ভাতা পেয়ে থাকেন। ইতিপূর্বে তারা মাসে মাত্র এক হাজার টাকা করে বাড়িভাড়া পেলেও গত বছর তা বাড়িয়ে মূল বেতনের ১৫ শতাংশ নির্ধারণ করা হয়।

এখন নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন ও বাড়িভাড়া উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানের স্তর এবং বিষয়ভেদে শিক্ষকদের বেতন গ্রেডে ভিন্নতা থাকলেও তারা নিজ নিজ গ্রেড অনুযায়ী এই নতুন সুবিধার আওতায় আসবেন।

বর্তমানে সারাদেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরিশিক্ষা অধিদফতরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব আয়ের উৎস থেকে অতিরিক্ত অর্থ দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা না থাকায় তারা মূলত এমপিওর ওপরই নির্ভরশীল।

সরকারি চাকরিজীবীদের মতো নতুন বেতন কাঠামোতেও ২০টি গ্রেড বহাল থাকছে। নতুন এই কাঠামোয় প্রথম থেকে একাদশ গ্রেডের প্রারম্ভিক মূল বেতন শতভাগ এবং দ্বাদশ থেকে বিংশ গ্রেডের মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন বিংশ গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকায় উন্নীত হবে।