সদ্যনিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রবিবার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর এক মতবিনিময়সভায় তিনি এ আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যে উদ্দেশ্যে তাদের রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
মতবিনিময় সভা শেষে নবীন ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। সেখানে আদালতের প্রধান বিচারপতির সামনে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়। একই প্রজ্ঞাপনে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের কথা জানানো হয়।
বাংলাদেশ ল’অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


