...|...|...

লাইফস্টাইল

ধূমপান ছাড়াই ফুসফুসের ক্ষতি, সতর্ক থাকবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১:৩৭
Shares
ধূমপান ছাড়াই ফুসফুসের ক্ষতি, সতর্ক থাকবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ধূমপান না করলেই যে ফুসফুস পুরোপুরি সুরক্ষিত থাকে, তা কিন্তু নয়। পরোক্ষ ধূমপান (সেকেন্ড-হ্যান্ড স্মোক), বাইরের দূষণ এবং ঘরের ভেতরের দূষক পদার্থগুলো শ্বাসতন্ত্রের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফুসফুসের স্বাস্থ্যের জন্য ধূমপান না করা অন্যতম সেরা সিদ্ধান্ত। তবে একটি কম পরিচিত সমস্যা হলো, যারা কখনোই সিগারেট স্পর্শ করেননি, তারাও প্রতিদিন শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ক্ষতিকর উপাদান গ্রহণ করতে পারেন।

সিগারেটের ধোঁয়া, হুক্কা বা শিশার ধোঁয়া থেকে শুরু করে বাইরের দূষিত বাতাস এবং ঘরের ভেতরের বিভিন্ন বিরক্তিকর বা ক্ষতিকর উপাদানের কারণে একজন ব্যক্তি নিজে ধূমপান না করলেও তার ফুসফুস এসব ঝুঁকির মুখে পড়তে পারে। দীর্ঘ সময় ধরে এসব উপাদানের সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রে অস্বস্তি হতে পারে এবং শ্বাসকষ্ট, হাঁপানি (অ্যাজমা) এমনকি হৃদরোগ ও ফুসফুসের রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে।

যারা ধূমপান করেন না, তারা কীভাবে এসব ক্ষতিকর উপাদানের সংস্পর্শ কমাতে পারেন, তার পাঁচটি কার্যকর উপায়দেওয়া হলো-

অন্যদের সিগারেটের ধোঁয়াকে হালকাভাবে নেবেন না

যারা কখনোই ধূমপান করেননি, তাদের জন্যও ‘পরোক্ষ ধূমপান’ বা সেকেন্ড-হ্যান্ড স্মোক একটি বড় উদ্বেগের বিষয়। কেউ সিগারেট, শিশা বা অন্য কোনো তামাকজাত পণ্য সেবন করছেন- এমন কারো পাশে বসে থাকলে অধূমপায়ীরাও ক্ষতিকর উপাদানের সংস্পর্শে আসতে পারেন। এই ঝুঁকি কেবল জনাকীর্ণ পাবলিক জায়গাতেই সীমাবদ্ধ নয়; বরং বাড়ি, অফিস বা গাড়ির ভেতরেও এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই চারপাশ ধোঁয়ামুক্ত রাখা জরুরি, বিশেষ করে বদ্ধ জায়গায়, যেখানে ধোঁয়া দীর্ঘক্ষণ টিকে থাকতে পারে।

শুধু জানালা খুলে দিলেই তামাকের ধোঁয়া দূর হয় না

অনেকেই মনে করেন জানালা খুলে দিলে বা ফ্যান চালিয়ে দিলে ধূমপান করা পরিবেশটি নিরাপদ হয়ে যায়। কিন্তু বাতাস চলাচলের ব্যবস্থা (ভেন্টিলেশন) থাকলেও তামাক পোড়ানোর ফলে সৃষ্ট ক্ষতিকর কণাগুলো পুরোপুরি দূর হয় না। তাই যেখানে মানুষ ধূমপান করছে, এমন ঘরে থাকা এড়িয়ে চলুন। ধোঁয়া দূর করার জন্য কেবল বাইরের বাতাসের ওপর নির্ভর না করে, বরং বাড়ি, কর্মক্ষেত্র এবং গাড়িকে পুরোপুরি ধোঁয়ামুক্ত রাখুন।

বাইরে ব্যায়াম করার আগে বাতাসের মান (এয়ার কোয়ালিটি) যাচাই করুন

সকালে হাঁটা বা জগিং করা স্বাস্থ্যকর অভ্যাসের অংশ হতে পারে, তবে অতিরিক্ত দূষণের সময় বাইরে ব্যায়াম করলে ক্ষতিকর কণা শরীরে প্রবেশের ঝুঁকি বেড়ে যায়। তাই বাইরে যাওয়ার আগে স্থানীয় ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (AQI) বা বাতাসের মান যাচাই করে নিন। যেদিন দূষণের মাত্রা খুব বেশি থাকে, সেদিন দৌড়ানো, জগিং বা কঠোর শারীরিক পরিশ্রমের মতো কাজগুলো বাইরে না করাই ভালো। এর পরিবর্তে ঘরের ভেতরে ব্যায়াম করার কথা বিবেচনা করতে পারেন।

দূষণের মাত্রা বেশি থাকলে এন৯৫ (N95) মাস্ক ব্যবহার করুন

বাইরে বের হওয়া যখন এড়ানো সম্ভব নয়, তখন সঠিকভাবে লাগানো একটি এন৯৫ মাস্ক শ্বাস গ্রহণের সময় শরীরে প্রবেশ করা ধূলিকণা বা সূক্ষ্ম কণার (particulate matter) পরিমাণ কমাতে সাহায্য করতে পারে। তবে, বায়ুদূষণ থেকে পুরোপুরি সুরক্ষার উপায় হিসেবে কেবল মাস্কের ওপর নির্ভর করা উচিত নয়।

ঘরের ভেতরের দূষণ এবং দৈনন্দিন অভ্যাসের দিকে নজর দিন

শুধু বাইরের দূষণই চিন্তার বিষয় নয়; ধূপকাঠি জ্বালানো বা ঘরের ভেতরের অন্যান্য উৎসও বায়ুর গুণমানকে প্রভাবিত করতে পারে। ঘরের ভেতর পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, প্রচুর পানি পান করুন এবং সুষম খাদ্যাভ্যাসে শাক-সবজি ও ফলমূল অন্তর্ভুক্ত করুন। এই অভ্যাসগুলো সামগ্রিক স্বাস্থ্যের জন্য সহায়ক হলেও, ধোঁয়া বা দূষণের দীর্ঘস্থায়ী প্রভাবকে পুরোপুরি দূর করতে পারে না। ফুসফুসকে সুরক্ষিত রাখা একটি নিত্যদিনের দায়িত্ব, এমনকী যারা ধূমপান করেন না, তাদের জন্যও। তাই কেবল সিগারেট এড়িয়ে চলাই যথেষ্ট নয়, বরং দূষণের সংস্পর্শ থেকে দূরে থাকাও এই সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।