লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় অমিত রায় শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। টানা তিন দিন তিন রাত অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নীলফামারী সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অমিত রায় শুভ মোগলহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুলগাছ গ্রামের পরেশ রায়ের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর ফুলগাছ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে গত শনিবার (৩১ অক্টোবর) ফুলগাছ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় তৌহিদী জনতা ও সাধারণ মানুষ। মিছিল থেকে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের একটি দল ঢাকাসহ বিভিন্ন স্থানে টানা তিন দিন তিন রাত অভিযান চালায়। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে নীলফামারী সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে লালমনিরহাট সদর থানায় নিয়ে আসা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


