শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেছেন, ধর্ম যার যার, তবে উৎসব সবার। শারদীয় উৎসবে কেউ পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সজাগ রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় খোকন তালুকদার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন। নিজ হাতে হাসপাতালের বিভিন্ন স্থান ও টয়লেট পরিষ্কার করেন তিনি। পরে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
খোকন তালুকদার বলেন, আমরা নিজেদের ঘরবাড়ি যেভাবে পরিষ্কার রাখি, সরকারি স্থাপনা ও হাসপাতালকেও নিজেদের সম্পদ মনে করে সেভাবে পরিষ্কার রাখতে হবে। হাসপাতালের যে জনবল রয়েছে, তা দিয়ে পুরো হাসপাতাল পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই নিজেদের উদ্যোগেও এসব স্থান পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।
শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি, সমাজের প্রত্যেকটি মানুষ শারদীয় উৎসবে আনন্দের সাথে অংশ নেবেন। ধর্ম যার যার থাকতে পারে, কিন্তু এই শারদীয় উৎসবে আঘাত আসবে এমন মানসিকতা মাদারীপুর-৩ আসনের মানুষের নেই। কেউ পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটিয়ে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করলে, সে বিষয়ে প্রশাসন ও আমরা দলীয় নেতাকর্মীরা সজাগ রয়েছি।
হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে হাসপাতালসংলগ্ন রাজদি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ভেকু দিয়ে খালের ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম চালানো হয়। খালটি দখলমুক্ত ও পরিষ্কার রাখার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


