...|...|...

ধর্ম

দোয়া কবুলের বিশেষ পাঁচটি সময়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, রাত ১১:০৬
Shares
দোয়া কবুলের বিশেষ পাঁচটি সময়

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে এমন কিছু বিশেষ মুহূর্ত আসে, যখন দোয়া সহজে কবুল হয়, নেক আমল দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং বান্দা রবের বিশেষ নৈকট্য লাভ করে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব’ (সূরা গাফির, আয়াত: ৬০)।

সহিহ হাদিসের আলোকে ইসলামি চিন্তাবিদ ও স্কলারগণ এমন পাঁচটি সময়ের কথা উল্লেখ করেছেন, যখন আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং বান্দার আকুতি সহজে কবুল হয়।

জোহরের আগে বা সূর্য ঢলে পড়ার সময়
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূর্য ঢলে পড়ার সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জোহরের সালাত আদায় করা পর্যন্ত তা বন্ধ হয় না। তাই আমি পছন্দ করি যে, এই সময়ে আমার কোনো নেক আমল ওপরে উঠুক’ (সহিহুল জামে, হাদিস: ১৫৩২)। দিনের ব্যস্ততার মাঝে আল্লাহর দিকে ফিরে আসার এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

প্রতিটি আজানের সময়
আজান শুধু নামাজের আহ্বান নয়, বরং রহমতের দ্বার খোলারও ঘোষণা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়’ (সহিহুত তারগিব, ২৬০)। এ কারণে আজান চলাকালে ও এর পরপর দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ।

দুই সালাতের মধ্যবর্তী সময়ে অপেক্ষমাণ অবস্থায়
এক ফরজ নামাজ আদায় করে পরবর্তী ফরজের জন্য অপেক্ষারত ব্যক্তি মূলত ইবাদতের মধ্যেই থাকেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলছেন—দেখ আমার বান্দাদের দিকে, তারা একটি ফরজ আদায় করেছে এবং পরবর্তী ফরজের জন্য অপেক্ষা করছে’ (সহিহুত তারগিব, ৪৪৫)।

মধ্যরাত
রাতের গভীর নির্জনতায় যখন মানুষ ঘুমে থাকে, তখন আল্লাহর রহমত বিশেষভাবে বর্ষিত হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অর্ধরাতে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়… তখন এমন কোনো মুসলিম থাকে না যে দোয়া করে আর আল্লাহ তা কবুল করেন না’ (সহিহুত তারগিব, ৭৮৬)।

রাতের ইবাদতের মর্যাদা প্রসঙ্গে পবিত্র কুরআনেও বলা হয়েছে, ‘তারা রাতের অল্প অংশই নিদ্রায় কাটাত এবং শেষরাতে তারা ক্ষমা প্রার্থনা করত’ (সূরা আজ-জারিয়াত, আয়াত: ১৭-১৮)।

সালাতের শুরুতে সানা পাঠের সময়
সহিহ মুসলিমের এক বর্ণনায় আবদুল্লাহ ইবনে উমর (রা.) জানান, একদিন রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সালাত আদায় করার সময় এক সাহাবি বলে ওঠেন—‘আল্লাহু আকবার কাবিরা, ওয়ালহামদুলিল্লাহি কাসিরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা’

অর্থ: আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান। সব প্রশংসা আল্লাহর। আর সকাল ও সন্ধ্যায় তারই পবিত্রতা বর্ণনা করতে হবে।

সালাত শেষে রাসুলুল্লাহ (সা.) জানতে চান, এ কথাগুলো কে বলেছেন। এক সাহাবি নিজেকে জানানোর পর নবীজি (সা.) বলেন, ‘কথাগুলো আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। কারণ কথাগুলোর জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল।’ আবদুল্লাহ ইবনে উমর (রা.) জানান, এ কথা শোনার পর থেকে তিনি আর কখনো এই দোয়া পড়া ছাড়েননি (সহিহ মুসলিম, হাদিস: ৬০১)।

দৈনন্দিন জীবনে সচেতন হলে এই পাঁচটি সময়ের বরকত সহজেই লাভ করা সম্ভব। জোহরের আগে নফল ইবাদত, আজানের সময় দোয়া, দুই নামাজের মাঝখানে অপেক্ষা, রাতের নির্জনে রোনাজারি এবং সালাতের শুরুতে আন্তরিক প্রশংসা—সব মিলিয়ে এগুলো হতে পারে আত্মশুদ্ধি ও নৈকট্য অর্জনের বড় মাধ্যম।