...|...|...

জাতীয়

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৮
Shares
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ছবি: সংগৃহীত

দেশে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সাথে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দফতর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। অন্যদিকে বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সাথে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দফতরের স্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। আগের প্রস্তাব অনুযায়ী, মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় সদর দফতর স্থাপন করা হবে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নতুন বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দফতর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দফতর স্থানান্তরের প্রস্তাব করে স্থানীয় সরকার বিভাগ।